দেশীয় পণ্যের বৈচিত্র্য আর উদ্যোক্তাদের গল্পে জমে উঠেছে জাতীয় এসএমই মেলা

Spread the love

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢুকলেই চোখে পড়বে দেশীয় পণ্যের নানা রকম আয়োজন। কোথাও জামদানি ও ব্লকের পোশাক, কোথাও পাটের তৈরি ঘর সাজানোর উপকরণ, আবার কোনো স্টলে থরে থরে সাজানো হাতে তৈরি গয়না ও হস্তশিল্প। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা তাঁদের নিজস্ব ভাবনা ও শ্রমে তৈরি পণ্য নিয়ে হাজির হয়েছেন এখানে।

চার শতাধিক স্টলে দেশীয় পণ্যের এমনই বৈচিত্র্যময় পসরা নিয়ে রোববার (২২ নভেম্বর) শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন ৩৮০ জন উদ্যোক্তা।

মেলার বিভিন্ন হল ও প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধন ঘটিয়ে তৈরি হয়েছে নানা পণ্য। তবে এসব পণ্যের দিকে তাকালে শুধু নকশা বা কারুশিল্পের পরিচয়ই ফুটে ওঠে না, বরং প্রতিটি পণ্যের পেছনে রয়েছে কারও দীর্ঘদিনের অভিজ্ঞতা, কারও নতুন কিছু করার চেষ্টা, আবার কারও নিজের পায়ে দাঁড়ানোর গল্প। কেউ শখের বশে শুরু করেছিলেন কাজ, কেউ চাকরি ছেড়ে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান। আবার কেউ নিজের উদ্যোগের পাশাপাশি অন্যদেরও কাজ শিখিয়ে আয় করার সুযোগ করে দিচ্ছেন।

মেলার এফ নম্বর হলে রয়েছে ফ্যাশন ও তৈরি পোশাকের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। সেখানেই নজর কাড়ছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্রিয়োনা। সাত বছর ধরে কাজ করছে ব্র্যান্ডটি। তবে জাতীয় এসএমই মেলায় এবারই প্রথম অংশ নিয়েছে তারা। ব্রিয়োনার উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সাদিয়া আফরিন জানান, নির্দিষ্ট ক্রেতাগোষ্ঠীর রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই সাজিয়েছেন এবারের সংগ্রহ। রয়েছে জামদানি স্যুট, কোটি, ব্লেজার, জর্জেটের শার্ট, টপ, তৈরি ব্লাউজ ও কারচুপির থ্রিপিস। কর্মজীবী নারীদের দৈনন্দিন ব্যবহারের উপযোগী আরামদায়ক পোশাক তৈরির পাশাপাশি বিশেষ আয়োজনের জন্যও পোশাকের নকশা করে ব্রিয়োনা। সাদিয়ার ভাষ্য, ব্র্যান্ডটির প্রতিটি পোশাকই তাঁর নিজের পরিকল্পনা ও নকশায় তৈরি। তাই প্রতিটি সংগ্রহে থাকে তাঁর স্বতন্ত্র ফ্যাশন-ভাবনার ছাপ।

একই হলের আরেকটি স্টল রং বাংলা। প্রায় ২০ বছর ধরে ব্লকের কাজ করছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা স্নিগ্ধা দত্ত। শুরুটা হয়েছিল শখের বশে। ২০০৫ সালে মাত্র ২ হাজার ৬০০ টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করেন তিনি। তখন হয়তো ভাবেননি, একদিন এই কাজই হয়ে উঠবে তাঁর ব্যবসার পরিচয়। এখন তাঁর প্রতিষ্ঠানে কাজ করছেন আটজন কর্মী। জাতীয় এসএমই মেলায় এবার অষ্টমবারের মতো অংশ নিয়েছেন স্নিগ্ধা।

স্টলে সাজানো রয়েছে ব্লকের শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, বিছানার চাদর ও পর্দাসহ নানা পণ্য। স্নিগ্ধা জানান, তাঁদের নিজস্ব কোনো বিক্রয়কেন্দ্র নেই। বিভিন্ন অনলাইন পেজের মাধ্যমে সারা বছর পাইকারি পণ্য সরবরাহ করেন। এসএমই মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতারা আসেন। তাঁদের অনেকেই সারা বছর তাঁর কাছ থেকে পণ্য কেনেন। মেলার প্রথম দিন থেকেই ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। ব্যবসার পাশাপাশি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়টিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। স্নিগ্ধার মতে, নারীদের নিজের উপার্জন থাকা প্রয়োজন। এতে অন্যের ওপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়।

মেলার আরেকটি স্টলে সাজানো পুঁতি, মাটি, পাট ও কাপড়ের তৈরি গয়না ও হস্তশিল্প। নেকপিস, চুড়ি, কানের দুলসহ নানা পণ্য রয়েছে সেখানে। তবে এসব পণ্যের বিশেষত্ব শুধু উপকরণ বা নকশায় নয়। এগুলো তৈরি করেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। তাঁদের কাজে সহযোগিতা করেছেন মায়েরাও। উদ্যোগটির নাম ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি।প্রতিষ্ঠানটির প্রোগ্রাম কনসালট্যান্ট নুরুল আমিন জানান, ২০১১ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি। শারীরিক প্রতিবন্ধিতার পাশাপাশি অটিজম, ডাউন সিনড্রোম ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিদের নিয়েও কাজ করেন তাঁরা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরির কাজ শেখানো হয়। নিজেরা কাজ শিখে পণ্য তৈরি করতে পারলে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার সুযোগ তৈরি হয় তাঁদের।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। নুরুল আমিন জানান, মেলায় পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তার পুরোটাই পাবেন এ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। জাতীয় এসএমই মেলায় এবার দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি।

পোশাক ও গয়নার বাইরে ঘর সাজানোর নানা উপকরণ নিয়েও এসেছেন উদ্যোক্তারা। এমনই একটি উদ্যোগ ‘ঝালর’। পাটভিত্তিক এ প্রতিষ্ঠানের স্টলে রয়েছে ম্যাক্রামের তৈরি ল্যাম্পশেড, ফুলদানি, ব্যাগসহ ঘর সাজানোর ও দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রী। পাটের সুতোয় বুনন ও নকশার সমন্বয়ে তৈরি এসব পণ্যে দেশীয় উপকরণের ভিন্নধর্মী ব্যবহার দেখা যায়।

উদ্যোক্তা মোহাম্মদ রুদ্র ২০২০ সালে শুরু করেন ঝালরের যাত্রা। চাকরি ছেড়ে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার ইচ্ছা থেকেই উদ্যোগটি শুরু করেছিলেন তিনি। ম্যাক্রামেকে ভিত্তি করে তৈরি করেন ব্যবহার্য ও সাজসজ্জার নানা পণ্য। জাতীয় এসএমই মেলায় এবার চতুর্থবারের মতো অংশ নিয়েছেন রুদ্র। উদ্যোক্তা হিসেবে কাজ করার পাশাপাশি বর্তমানে প্রশিক্ষক হিসেবেও যুক্ত আছেন তিনি। তাঁর তৈরি পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

মেলায় দেশীয় উপকরণ দিয়ে তৈরি পণ্যের পাশাপাশি রয়েছে চামড়াজাত সামগ্রীরও বেশ আয়োজন। মেলার এ নম্বর হলে রয়েছে গুটিপার স্টল। জেনুইন লেদারের তৈরি বিভিন্ন নকশার ব্যাগ ও বেল্ট সাজানো হয়েছে সেখানে। জাতীয় এসএমই মেলায় এবার নবমবারের মতো অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। মেলা উপলক্ষে পণ্য কেনাকাটায় ক্রেতাদের জন্য ১০ শতাংশ ছাড়ও দিচ্ছে গুটিপা।

হাতে তৈরি গয়নার পসরা সাজিয়েছে আয়নাবিবি। স্টলটিতে পাওয়া যাচ্ছে বিডসের তৈরি নেকপিস, কানের দুল, চুলের কাঁটাসহ নানা নকশার গয়না। উদ্যোক্তা রিমা খাতুন ২০১৬ সাল থেকে গয়না তৈরির কাজ করছেন। পরে ২০২০ সালে শুরু করেন প্রশিক্ষণ কার্যক্রম। বর্তমানে ঢাকার উত্তরা, মোহাম্মদপুর, রামপুরা ও মিরপুরে আয়নাবিবির উদ্যোগে গয়না তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবার মেলায় প্রদর্শিত গয়নাগুলো তৈরি করেছেন রিমার প্রশিক্ষণার্থীরা। হাতে-কলমে কাজ শিখে তাঁরা এখন নিজেরাই দক্ষতার সঙ্গে গয়না তৈরি করছেন। তাঁদের তৈরি পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি বিক্রির সুযোগও তৈরি হয়েছে এ মেলায়। অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার একটি পথও তৈরি হচ্ছে তাঁদের জন্য।

এবারের জাতীয় এসএমই মেলায় বিভিন্ন খাতের মোট ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ফ্যাশন ও পোশাক খাতের প্রতিষ্ঠান রয়েছে ৯৮টি। জুতা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটপণ্যের ৩৫টি, হস্ত ও কারুশিল্পের ৩৫টি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের ৩০টি এবং হালকা প্রকৌশল খাতের ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ, এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতের আরও ৭৮টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য রাখা হয়েছে বিশেষ প্যাভিলিয়ন।

মেলার প্রতিপাদ্য ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণ, স্থানীয় শিল্পের প্রসার এবং এসব পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। তাই মেলায় বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ রাখা হয়েছে।

তবে মেলা শুধু পণ্য প্রদর্শন ও বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়। উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো এবং এসএমই খাতের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়ার জন্য প্রতিদিন আয়োজন করা হচ্ছে সেমিনার ও আলোচনা সভা। পাশাপাশি এ খাতের অর্থায়ন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার সুযোগও রয়েছে উদ্যোক্তাদের।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। প্রবেশে কোনো টিকিট লাগবে না।

munirhasan.com-এর প্রতিবেদক

Scroll to Top