১৯৯১ সালের মার্চ মাস। ঢাকার পলাশীর ঘরে ঘরে ঈদের আনন্দ। কারণ পরীক্ষা শেষ হতে চলেছে। এর মধ্যে আমার মতো একদলের কিনা বুয়েটের পড়া শেষ হবে (তখন কি জানতাম এই বাঁশবাগানের সঙ্গে আমরা আরও ম্যালাদিন থাকতে হবে!)। আবার একটু মনও খারাপ। কারণ চট্টগ্রামে ভাই-এর বিয়েতে থাকা সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই সবাই অনেক আনন্দ ফূর্তি করছে।
শেষদিন পরীক্ষা শেষে দলবেঁধে খেতে যাওয়া কাটাবনের চাইনিজে। বুয়েটে এটাই আমাদের দ্বিতীয় সেরা বিনোদন ছিল। প্রথমটা রাতের বেলায় আইসানউল্লাহ হলের কেন্টিনে পরোটা-ডিমভাজি, সস্তা। খাবার টেবিলে আসার আগে ভাবলাম বোনের খবর নেই। সেখান থেকে বনানী আর্মি কোয়ার্টারে ইয়াসমীন আপার বাসায় ফোন করলাম। ফোন ধরলেন দুলাভাই।
‘তোমার কী পরীক্ষা শেষ?’
-জি। আজকেই শেষ হলো।
‘এক্ষুনি বাসায় চলে আসো। হাসান ভাই ভাবীকে নিয়ে ঢাকায় আসছেন। প্লেন মাত্র ঘন্টা দুয়েক লেট আছে। তুমিও এয়ারপোর্ট যেতে পারবা’।
বাহ। কী আনন্দ। খেয়ে দেয়ে কাটাবন থেকেই বনানী দৌড়ালাম। আপার দেবর মামুন একটা বড় ফুলের তোড়া যোগাড় করেছে। আমরা যাথারীতি এয়ারপোর্টে গিয়ে জানলাম প্লেন আরও লেট। শেষমেষ হাসান ভাই আর ভাবী ঢাকায় এসে পৌঁছালেন। সেই প্রথম আমরা (মানে যারা বিয়েতে যেতে পারিনি) আইভি ভাবীকে দেখলাম। হুমায়ুন আহমেদের ভাষায় – অসম্ভব রূপবতী কইন্যা।
আমরা তার সব দেবর একসঙ্গে তার প্রেমে পড়ে গেলাম!
কিছুদিনের মধ্যে টের পাওয়া গেল কইন্যা কেবল রূপবতী নন, গুনবতীও। শ্বশুর-শাশুড়ী থেকে শুরু করে পুরো শ্বশুড় গোষ্ঠীর মন জয় করে ফেলেছে, রান্নার চমৎকার হাত, ছবি আঁকে, কবিতা লেখে (কবিতার বইও বের হয়েছে) এবং আরো কত কী। ছুটিতে বাড়িতে গেলে দেখতাম অন্য রকম জামা কাপড়, শাড়ি পড়েন। কী বিষয়- না, ভাবীর নিজের ডিজাইন।
হাসান ভাইদের দেওয়ান বাজারের বাসা হয়ে উঠলো আমাদের তুতো ভাই-বোনদের নতুন আড্ডার স্থল। আর ভাবীর কারণে আমাদের মাঝে নতুন করে ফিরে আসলেন আমাদের আইডল, কবি ও শিল্পী খালিদ আহসান। আমাদের হাসান ভাই।
আমারা যারা জেনারেশন এক্স তাদের ছোটবেলার প্রথম হিরোরা হয় তুতো ভাই-বোনেরা। খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো ভাই-বোন দিয়ে আমাদের এক্সটেন্টেড পরিবার। বিনোদনের জন্য বাংলাদেশ টেলিভিশন আছে বটে তবে সেটা খুব একটা জুতসই নয়। ইত্তেফাক, আজাদী, কিশোর বাংলা, রহস্য পত্রিকা, বিচিত্রা ঘিরে আমাদের জানাশোনার জগত। ৭৬ সালের অলিম্পিকে রোমানিয়ার মেয়ে নাদিয়া কোমিনিচির পারফেক্ট স্কোর, সেই অলিম্পিকে বাংলাদেশের পতাকা হাতে সাইদুর রহমান ডনের হেটে যাওয়া, রেডিওতে কোন এক ভরাট কন্ঠে – হ্যা, ভাই গুণ্ডা সিনেমাতে আপনারা দেখবেন…। এসবই আমাদের মন মাতানোর রসদ। কুয়াশা আর মাসুদ রানা স্বপ্নের একটা জগত তৈরি করে দিয়েছে কিন্তু তখনো আমরা সিনেমা হলে ‘গানস অব নাভারন’ দেখার সুযোগ পাইনি। কাজে আমাদের আইডল কিংবা এখনকার ভাষায় ইনফ্লুয়েন্সার হলো আমাদের তুতো ভাইরা। বাবার গোষ্ঠি আমি আর আমার ভাই বড়। কাজে সুযোগ নাই। খালাতো ভাই-বোনেরাই তাই সই।
আন্দরকিল্লার নানা বাড়ির দোতলাতে আমরা থাকি। চার মামাই ঐ বাড়িতে। পাশে মেজখালার বাসা। যদিও খালা থাকেন আশকারদিঘির পাড়ে, তিনতলা একটা বাড়িতে। বড় খালা-খালু কাট্টলীতে। চাইলেই যাওয়া যায় না। সেজ খালু মিউনিসিপ্যালিটির ডাক্তার। দেওয়ান হাট মোড়ে চেম্বার কাম রেসিডেন্স। আমার মা চার নম্বর। ছোট খালা বিয়ের পর থেকে ঢাকায়।
নানীকে কেন্দ্র করে আমাদের বড় পরিবারের নিত্য যোগাযোগ। অন্যান্য দেশে এই কালচারটা কেমন আমি ঠিক জানি না। কিন্তু আমাদের দেশে এই কালচারের গাঁথুনি অনেক শক্ত।
আমারদের যখন হিরো খোঁজার বয়স হলো তখন আমরা খুঁজে পেলাম বাবলা ভাই, এজহারুল হক বাবলা- এখন কানাডা প্রবাসী, তখন বুয়েটে মেকানিক্যালে পড়তেন, বেল-বটম প্যান্ট পড়তেন, গিটার বাজাতেন (এবং গানও গাইতেন মনে হয়)। ছুটিতে চাটগাঁ আসলে কঠিন কঠিন সব ধাঁধা আর সমস্যা দিয়ে যেতেন। সত্যি মিথ্যের গোলক ধাঁধার প্রথম মারপ্যাচটা তার কাছ থেকেই শুনি। শাহানা আপা (ডা. শাহানা জাহাঙ্গীর) ও শামীম আপা (ডা. শামীম আফরোজ) ডাক্তার।
তারপরই এরশাদ ভাই ও হাসান ভাই। এরশাদ ভাই মুসলিম হাইস্কুলের আর হাসান ভাই কলেজিয়েট স্কুলের সেরা ছাত্র। এরশাদ ভাই-এর সঙ্গে কালেভদ্রে দেখা হতো। এরশাদ ভাই মেডিকেল ভর্তি হলেন। হাসান ভাই-এর সঙ্গেও খুব একটা দেখা হতো না। খালা-খালুর ইচ্ছেকে তেমন একটা পাত্তা না দিয়ে হাসান ভাই ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। হাসান ভাই -এর কবিতা তখন দৈনিক আজাদীতে ছাপা হয়, হাসান ভাই লিটল ম্যাগাজিন বের করেন, ছবি আঁকেন। সবই এন্টি-এস্টাবলিশমেন্ট, তারুণ্যের বিদ্রোহ এবং সৌন্দর্যের পূজারী। কাজে আমার যখন আইডল ভাবর সময় তখন আমি ভাবতাম হাসান ভাই-এর মতো হতে হবে।
এর মধ্যে হাসান ভাই-এর আকা ছবি এক দুইজন লেখক তাতের বই-এর প্রচ্ছদে ব্যবহার করতে চাইলেন। হাসান ভাই তাদের জন্য আলাদা করে প্রচ্ছদ তৈরি করে দিলেন। দেওয়ানহাটের বাড়িটির দোতলায় তখন প্রায়শ হাজির হোন কবি সিকদার আমিনুল হক, ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ প্রমূখ। বই হাতে নিয়ে আমি বন্ধু মহলে ফাঁপর নেই – হু। এই বই-এর কভার আমার ভাই-এর আঁকা। পাতা উল্টে “প্রচ্ছদ – খালিদ আহসান” টা দেখাই।
চট্টগ্রাম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের আদরদের প্যানেলের পোস্টারও বানালেন হাসান ভাই। ছাত্র সংসদ নির্বাচনে নতুন ধারার পোস্টার একটা নতুন পথও দেখিয়ে দিল।
কয়েকজনের চেষ্টায় ততোদিনে জন্ম হয়েছে অরিন্দম নাট্য গোষ্ঠী। সেখানে কাজ করেন আমার আর এক তুতো ভাই যার নামের সঙ্গে আমার নামের মিল – মুনির উদ্দিন হেলাল। ভোলা ময়নার বায়োস্কোপ নাটকের ভোলা। হাসান ভাই-ও অরিন্দমের অংশ। ‘সামনে যাই থাক ট্রেন চলবে’ নাটকেরপোস্টার করছেন, নাটকের জন্য দৌড়াদৌড়ি করছেন। আমরা দেখি দূর থেকে। বাসায় গেলে আমার আকর্ষণ থাকতো হাসান ভাই-এর রুম। রুম ভর্তি বই আর বই। অন্তত একটা বই গ্রোগ্রাসে না গেলা পর্যন্ত আমাকে টেনে তোলা কঠিন হতো।
তখন এক ঈদে আমাদের জামা ও্ প্যান্ট দুটোই জুটতো না। হয় প্যান্ট না হয় শার্ট। সেবার আমার শার্টের কাপড়ে একটা ডোরাকাটা দাগের মতো ছিল। নীলের ওপরে মেরুন রঙের। কিন্তু শার্ট বানানোর পর দেখা গেল সেই ডোরাকাটা কেবল শার্টের পকেটে। আর কোথাও নাই। মন খারাপ করে ঘুরে বেড়াই। কিন্তু হাসান ভাইদের বাসায় যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা হলো। হাসান ভাই্ সবাইকে বোঝালেন – আমার শার্টটা একটা শিল্প কর্ম হয়েছে। এটা সহজে দেখা যায় না। এটি অনন্য, অসাধারণ। সবাই তখন আমার শার্টের অনেক প্রশংসা করলো। ব্যাস আমার ঈদের আনন্দ ফিরে আসলো।
এখন আমি জানি হাসান ভাই জানতেন কেমন করে ছোটদের মন জয় করতে হয়, তাদের পাশে দাঁড়াতে হয়। সেটা উনি সারাজীবনই করেছেন।
মুসলিম হাই স্কুল থেকে পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েছি। নিজেই অনেক ব্যস্ত। কালে ভদ্রে হাসান ভাই-এর সঙ্গে দেখা হয়। সদা ব্যস্ত। হাতে সিগারেট (এন্টি এস্টাবলিশমেন্টের আর একটা সূচক)। আর কলেজে আমার ভাল লাগে রসায়ন আর ফিজিক্স। ম্যাথে একটু গোঁজামিল দিতে হয়। ল্যাবগুলোতে খুবই আনন্দ পাই। পাড়াতো বড় ভাই বাদল ভাই (অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী) ততোদিনে আমার মাথার শধ্যে ঢুকিয়ে দিয়েছেন – ফিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথ। মানে বুয়েটে ভর্তি হতে হলে তোমাকে এই তিন বিষয়ে ভাল করতে হবে। “আর বুয়েটে চান্স না পেলে তোমার জীবনই ব্যর্থ”। সেই ফাদে পা দিয়ে আমিও ভর্তির লড়াই-এ ব্যস্ত। তারপর তো ১৯৮৬ সালের ১৫ ফেব্রুয়ারি বুয়েটে চলে আসলাম। ছুটিতে চাটগাঁ গেলে হাসান ভাই-এর সঙ্গে দেখা হয় বা হয় না। ততোদিনে ক্রিয়েটিভ ওয়ার্কশপ নামে একটা প্রতিষ্ঠান শুরু করেছেন। দুই হাতে প্রচ্ছদ আঁকেন, তবে শুধু কয়েকজন লেখকের জন্য। সে সময় সিকদার আমিনুল হকের একটি ‘সতত ডানার মানুষ’ কাব্য গ্রন্থের ইলাসট্রেশন করে কবিতার ইলাশট্রেশনের ভাব-কিতাবই বদলে দিয়েছেন। নানা জন তাঁকে পরামর্শ দেন চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে। কিন্তু বাবা-মা’কে রেখে সেটাতে তিনি রাজি নন। এন্টি এস্টাবলিশমেন্টের পতাকাবাহী হলেও হাসান ভাই জানতেন কোথায় তার ঐতিহ্য, কোথায় তাঁর শক্তি।
আমি মাঝে মধ্যে চট্টগ্রাম যাই। কেবল ঈদের দিন হাসান ভাই-এর সঙ্গে দেখা হয়। দেওয়ানহাটের বাসা থেকে দেওয়ান বাজারে চলে এসেছেন। দোতলায় হাসান ভাই-এর স্টুডিও কাম থাকার ঘর। সেখানে আমরা ভাই-বোনেরা মাঝে সাজে যাই।
হাসান ভাই ব্যস্ত।
হাসান ভাই-এর ডাক নাম কেন হাসান সেটা আমি কখনো আমার মা’র কাছে জানতে চাইনি। হাসান ভাই আমার মা’র কাছে অনেক সময় কাটিয়েছেন ছোটবেলায়, আমাদের জন্মের আগে। আর কেন জানি হাসান ভাই আমার নানা, পূর্ববঙ্গের প্রথম মুসলিম মেডিকেল গ্র্যাজুয়েট ডা, হাসেমের প্রিয় পাত্র ছিলেন। আমাদের পারিবারিক এলবামে হাসান ভাই-এর জন্মদিনের একটা ছুবি আছে, নানার কোলে। আমরা যখন বড় হয়ে উঠি তখন দেখি তুতো ভাই-দের মধ্যে হাসান ভাই-এর ডাক নাম আমাদের নামের সঙ্গে মিলে। আর তোত বোনদের মধ্যে নাহিদ আপার নাম – নাহিদ হাসিন।
কাজে বাবা যখন থেকে নাহিদ আপাকে মেয়ে বলতে শুরু করলেন তখন সেটা যেমন কেউ আলাদা করে জানতে চাইতো না কেন তেমনি আমি যখন কাউকে বলতাম হাসান ভাই আমার বড় ভাই তখন সেটাও সবাই অবলীলায় মেনে নিতো। কেউ দ্বিতীয় প্রশ্ন করলে কেবল আমি বলতাম উনি ‘আমার খালাতো ভাই হলেও আপন বড় ভাই’।
বুয়েটে পড়ার সময় থেকে ঢাকায় চলে আসার কারণে হাসান ভাই-এর সঙ্গে দূরত্ব তৈরি হয়। ১৯৯১ সালে আইভী হাসান আমাদের পরিবারের বউ হয়ে আসার পরই আবার সে দূরত্ব ঘুছতে শুরু করে। কারণ আমরা অচিরেই আবিস্কার করলাম ভাবী নানা কিছু করে যার মধ্যে পোষাকের ডিজাইনও রয়েছে। শুরু হলো আমার ঘ্যান ঘ্যান। “খালি নিজের জামা কাপড় ডিজাইন করলে হবে? সবার জন্য করতে হবে না?”
শেষশেষ ভাবী রাজি হলেন। চট্টগ্রামের আলিয়ঁস ফ্রসেস একটি দুইদিনের মেলা দিয়ে আত্মপ্রকাশ করলো ডিজাইন হাউস Doll’s House। ১৯৯৬ সালের সে প্রদর্শণীর বেইজ ম্যাটেরিয়াল ছিল গ্রামীণ চেক। সেই চেক কাপড় ঢাকা থেকে কিনে পাঠানো আমার কাজ। আর ঐদিকে মডেল সব হলো ভাই-বোনেরা। কাপড় ইস্ত্রী করা থেকে শুরু করে মেরা সামলানো সবই আমরা করলাম। সেই থেকে আইভী হাসান হয়ে উঠলেন উদ্যোক্তা।
অদ্ভুত সব কাজ করলেন। ছবি দেখে বুলগেরিয়ার রানী সোফিয়াকে গ্রামীণ চেকের জামা বানিয়ে দিলেন এবং বানালোন আরও অনেকের জন্য। তবে, নিজের মধ্যে থাকলেন না। শুরু করলেন প্রশিক্ষণ, সহায়তা দিয়ে নতুনদের এগিয়ে দেওয়ার কাজও। খুব বেশি কাজ করেন না। পোষাকে দেশীয় ডিজাইন শুধু নয়, ম্যাটেরিয়ালেও থাকেন “বাঙ্গালা রুজিমা” বা বাংলাদেশের কাপড়ে।
তো, হাসান ভাই সেখানে কই?
সব খানে। পোষাক ডিজাইনে ভাবীর একচ্ছদ্র আধিপত্যে কখনো বাদ সাধেন না। কিন্তু ব্রশিওরটা করে দেন। শুধু ডিজাইন না সেটা ছাপানো থেকে প্রদর্শনীর স্থপনাটাও সাজিয়ে দেন। মেলার খবর পৌঁছে দেন। মেয়ের খবর রাখেন।
ঢাকায়ও একটি প্রদর্শনী হলো। রাজধানীবাসী চমকে গেল। কারণ পোষাক আর মেলার নানান ডিজাইনের পোষাক আর পুরো মেলার আবহ – অদ্ভুত সুন্দর, যেন দুজনে দুজনার। মেলা উদ্বোধন করতে আসলেন ড. ইউনুস, মা’র কলেজের ক্লাসমেট। ‘ভোরের কাগজ’ তিন কলাম জুড়ে সেটার খবর ছাপা হলো।
১৯৯৭ সালে আমাদের আন্দরকিল্লার পাঠ চুকলো। আমরা চলে গেলাম চান্দগাঁও আবাসিকে। দেওয়ান বাজার থেকে হাসান ভাইরাও এসে গেলেন সেখানে। কাজে সখ্যতা আরও বাড়লো।
ভাবী তার ডলস হাউস নিয়ে ব্যস্ত থাকেন। হাসান ভাই আবার নিমগ্ন হয়ে গেলেন তার কবিতা আর ছবি আকাতে। আর জীবনধারণের জন্য এজেন্সীর কাজে।
২০২১ সালের ২২ মার্চ করোনা আক্রান্ত হয়ে আমি যেদিন হাসপাতালে একটা সিটের জন্য মরিয়া হয়ে হাসপাতালে বসে আছি তখনই ভাইয়ার ডাক এসে গেল, ওপারের। এতো তাড়াতাড়ি আসবে এটা আমরা কেউ ভাবি নাই। হাসপাতাল থেকে যে দুদিন কথা হলো, বললো – এখানে আসার দরকার নাই। দোয়া করিস আমার জন্য। শেষবার ভিডিও কলেই কথা হলো।
হাসান ভাই যখন অনন্ত যাত্রা করেছেন তখন আমি হাসপাতালের বেডে শুয়ে শুধু একটা কথাই বলতে পেরেছি যেমনটা এখন প্রায়শ বলি –
মহান রাব্বুল আলামিন যেন ভাইয়াকে বেহেস্ত নসীব করেন।
(আমার প্রকাশিতব্য “যাদের ছায়ায় বেড়ে উঠেছি থেকে নেওয়া)