রাতের বেলা এককাপ দুধ খাওয়াটা আমাদের মনে হয় পারিবারিক একটা রীতি। আমি বড় হয়েছি একান্নবর্তী পরিবারে। আমার দাদা মৌলভী আহমদ চৌধুরী আমার দেখা প্রথম আধুনিক মানুষ। তাঁকে দেখতাম প্রতিদিন সকালে একটা সিদ্ধ ডিম এবং রাতে এক কাপ দুধ খেতে। মনে হয় তাঁকে দেখেই আমার ডিম-দুধ খাওয়ার অভ্যাসটা হয়েছে। এখন ডাক্তার বেশি ডিম খেতে দেয় না তাই ডিমের চলটা কম। কিন্তু দুধের ব্যাপারটা এখনো আছে।
এটি আমার অভ্যাসের অংশ হয়ে যাওয়ায় আলাদা করে দুধ খাওয়ার ব্যাপারটা কখনো খেয়াল করিনি। প্রথম করি ১৯৯৮ সালে।
বাবাকে নিয়ে গিয়েছি ব্যাঙ্গালোরে। আমাদের এখানে যে রকম রাস্তায় অনেক চায়ের দোকান, সেখানেও তাই। তবে, দেখলাম ওরা চা খাচ্ছে না। খাচ্ছে দুধ বা ফলের জুস। বুজলাম ওদের মাথা কেন এত পরিস্কার। ব্যাঙ্গালোরে আরো একটা ব্যাপার চোখে পড়ল – আবালবৃদ্ধবনিতা সবাই খুব ভোরে ওঠে এবং ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে ফেলে! আমাদের এখানে এই অভ্যাসটা এখনো মনে হয় সবার হয়নি।
তো বলছিলাম দুধের কথা। আমাদের যারা দুধ খেতে চায় না তাদের সঙ্গে দুধের পরিচয় হতো আগে পাটিগণিতের অনুপাতের অংক করার সময়। সেখানে শেখানো হত এক মন দুধে কত সের পানি মেশালে ৫০টাকা লাভ হবে!!! (আচ্ছা এখনকার বই-এ কি এই অংকগুলান আছে)?
যাকগে, দুধের ব্যাপারটা গতকাল আবার স্টার ম্যাগাজিনের কারণে খেয়াল করলাম। আমাদের মাথাপিছু দৈনিক দুধ খাওয়ার পরিমাণ হচ্ছে ৫৫ মিলি। অন্যদিক আমাদের প্রতিবেশিদের হিসাব হচ্ছে এরকম –
নেপাল ১৪০
শ্রীলংকা ১৪২
মালদ্বিপ ১৮৮
ভারত ২২৭
পাকিস্তান ৫২০
পুস্টিবিদদের হিসাবে এটি প্রতিদিন ২৫০ মিলি হওয়া দরকার। সাকিব আল হাসান কিছুদিন আগে এই কথাটা বলেছেন যদিও সেটি নিয়ে অনেক হৈচৈ হয়েছে।
প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কী আমরা দুধের চাহিদা মেটাতে সক্ষম?
আশ্চর্য হলেও সত্য যে, সব ধরণের হিসাব বলছে আমাদের গড় যদি আরো ৫গুন বাড়ে তাহলেও আমরা আমাদের নিজস্ব যোগান তৈরি করতে পারবো। কিছু বেসিক কাজ করতে হবে।
আমাদের দেশে গরু-ছাগলের খামার সেই অর্থে ব্যপকভাবে হয়না। অনেকে ভাবে এটি জটিল কাজ। আমি জানি না আমাদের এমন কোন গ্রাম আছে কী না যেটিকে শ্বেত গ্রাম বলা যায়। মানে, সেখানে প্রত্যেক ঘরে ঘরে গরু আছে এবং সকালে দুধ চলে যায় বড় বাজারে। দুধ নাকি দোয়ানোর পর মাত্র ঘন্টা চারেক ঠিক থাকে। এর মধ্যে সেটিকে আপনার প্রিজার্ভ করার ব্যবস্থা করতে হবে। নাহলে সেটা নষ্ট।
ঠিক এই জায়গাটাতে কাজ করেছিলেন এক ভারতীয়, আজ থেকে ৬৫ বছর আগে। ভার্গেস কুরিয়েন নামের এই ভদ্রলোককে বলা হয় ভারতীয় সাদা বিপ্লবের কর্নধার। ১৯৪৯ সালে তিনি কয়েকজন গরুর খামারীকে একটি চিলার কেনার কথা বলেছিলেন।
অথচ পড়েছেন মিশগান বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেশ ফিরে হলেন সরকারি করণিক। ১৯৪৯ সালে ঘটনাচক্রে একটি সমবায় সমিতির জেনারেল ম্যানেজার হয়ে গেলেন। সমিতির সদস্যদের উদ্বুদ্ধ করলেন ৬০ হাজার রুপী দিয়ে একটি পাস্তুরিত করার মেশিন কিনতে। এবং খুব তাড়াতাড়ি সেটার দাম ওঠে গেল কারণ দুধ পাঠানো যাচ্ছিল বোম্বেতে। সেই থেকে অন্যরাও এই দিকে আকৃষ্ট হলো এবং ভারত হয়ে উঠলো বিশ্বের এ নম্বর দুধ উৎপাদনকারী দেশ!!!

ভারত যা পেরেছে, সেটা আমরাদের দেশেও সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেজন্য নানান ধরণের উদ্যোগ দরকার যার মধ্যে রয়েছে দুধ খাওয়ার অভ্যাস গড়ে তোলা, দুগ্ধজাত সামগ্রীর যে বাজার ইতোমধ্যে হাতছাড়া হয়েছে সেটি পুনরুদ্ধারের জন্য ঝাপিয়ে পড়া, উদ্যোক্তাদের পাশে সরকার আর বেসরকারি লোকেদের দাড়ানো এবং এনিম্যাল হাছভেন্ট্রির গ্র্যাজুয়েটদের এই কাজে মনোযোগ দেওয়া।
কাল ডেইলি স্টারের ঐ লেখা থেকে আরো একটা বিষয় জানলাম। আমি দেখেছি আমাদের দেশে গোয়ালা আগে দুধ দোয়ানোর কাজটা করে পরে বাছুরকে খেতে দেয়। কিন্তু কাজটা নাকি উল্টো হওয়া দরকার। বাছুর হওয়ার ২ মাস পরেই আমার গাভীকে গর্ভবতী করা দরকার। তাতে বছর বছর বাছুরের ব্যাপার এবং দুধের যোগান দুইটাই ঠিক থাকে।
এই খাতে ছোট উদ্যোক্তারা কত জায়গাতে কাজ করতে পারেন-
১. খামার – গরুর খামার করাটা কঠিন, তবে অসম্ভব নয়। চার গাভী খামার নামে একটি কমপ্লিট প্রজেক্ট করা আছে গ্রামীণ ব্যাংকের এখনকার চেয়ারম্যান মোজাম্মেল হকের। সেটার হিসাব নিকাশ বলে একটি ছোট সমন্বিত খামার করাটা কঠিন হলেও সেটি অসম্ভব নয়। উদ্যোম আর কিছু টাকা পয়সা দরকার।

২. বিপনন ও বিতরণ : এখনো অনেক স্থানে খামারী বা কৃষকের গরুর দুধ ঠিকমতো বাজারে এসে পৌছায় না। যে দুধ ৭০-৮০ টাকা লিটার বিক্রি হওয়ার কথা সেটি স্থানীয় বাজারে ৩০-৪০টাকায় কৃষক বিক্রি করে দেয়। এক্ষেত্রে বড় শহরে দুধের যোগান দেওয়ার একটা বুদ্ধি করা যায়। দরকার হবে একটা চিলার/পাস্তুরাইজড মেশিন আর একটা ব্যাকইয়ার্ড লিংকেজ। বেচার ব্যাপারটা আমি মোটেই ভাবছি না কারণ বাজার অনেক বড় (বর্তমানের চেয়ে পাঁচগুন বড় হতে পারে)
৩. দুগ্ধজাত সামগ্রী – বাটার, পনির, দই ইত্যাদি নানান রকমের পণ্য উৎপাদনে যুক্ত হওয়া।
দুধের ব্যাপারটাকে ঠিকমত ধরতে পারলে দেশের দুইটা লাভ – স্বাস্থ্যবান জাতি এবং সফল উদ্যোক্তা।
কে শুরু করতে চায়?


